গোপনীয়তা নীতি
হিসাবঘর চালায় Tizfai Technologies AB (সুইডেন)। আপনার হিসাব আপনার। আমরা শুধু অ্যাপটা চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু তথ্য রাখি, কারও কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনও দেখাই না। এই নীতিটি ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন (GDPR) মেনে লেখা, কারণ প্রতিষ্ঠানটি সুইডেনে নিবন্ধিত।
কোন তথ্য রাখি
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, পাসওয়ার্ড (খোলা অবস্থায় নয়, এমনভাবে রূপান্তর করে যে ফিরিয়ে পড়া যায় না), চাইলে ফোন নম্বর ও ছবি, আর ভাষা, মুদ্রা ও সময় অঞ্চলের পছন্দ।
- আপনি যা লেখেন: লেনদেন, একাউন্ট, কাস্টমার, সাপ্লায়ার ও কন্টাক্টের নাম-ফোন-ঠিকানা, পণ্য, বিক্রি, কেনা, ইনভয়েস, কর্মচারী ও বেতনের তথ্য, নোট, আর আপনার আপলোড করা ফাইল (যেমন লোগো বা রসিদের ছবি)।
- সাবস্ক্রিপশনের পেমেন্ট: প্ল্যান কেনার সময় যে পেমেন্টের মাধ্যম (বিকাশ, নগদ ইত্যাদি) আর ট্রানজেকশন আইডি দেন। আপনার মোবাইল ব্যাংকিংয়ের পিন বা পাসওয়ার্ড আমরা কখনো চাই না।
- নিরাপত্তার জন্য: কে কখন কী বদলাল (অডিট লগ), তার সাথে আইপি ঠিকানা আর ব্রাউজারের ধরন।
- নোটিফিকেশন: নোটিফিকেশন চালু করলে আপনার ব্রাউজার যে ঠিকানা দেয়, যেখানে আমরা নোটিফিকেশন পাঠাই।
কেন রাখি, কোন আইনি ভিত্তিতে
- অ্যাপটা আপনাকে দেওয়ার জন্য (আপনার সাথে চুক্তি): অ্যাকাউন্ট, আপনার লেখা হিসাব, পেমেন্ট যাচাই।
- নিরাপত্তা আর অপব্যবহার ঠেকাতে (আমাদের বৈধ স্বার্থ): অডিট লগ, লগইনের চেষ্টা গোনা।
- আইন মানতে: পেমেন্টের হিসাব যতদিন রাখা আইনে বাধ্যতামূলক।
- আপনার সম্মতিতে: নোটিফিকেশন। যেকোনো সময় বন্ধ করতে পারেন।
আপনার কাস্টমার আর কর্মচারীদের তথ্য
ব্যবসার ওয়ার্কস্পেসে আপনি যাদের তথ্য লেখেন (কাস্টমার, সাপ্লায়ার, কর্মচারী), সেই তথ্যের দায়িত্ব আপনার; আমরা শুধু আপনার হয়ে তা সংরক্ষণ করি। তাঁদের কেউ নিজের তথ্য দেখতে বা মুছতে চাইলে তিনি আপনার কাছে চাইবেন, আর আপনি অ্যাপ থেকেই তা দেখাতে বা মুছতে পারেন।
কারা তথ্য দেখতে পারে
আপনার ওয়ার্কস্পেসের তথ্য দেখতে পান আপনি আর আপনার যোগ করা টিম সদস্যরা, যতটুকু অনুমতি দেবেন ততটুকু। আমাদের কর্মীরা শুধু সাপোর্ট বা কোনো ত্রুটি ঠিক করার দরকার হলে দেখেন। যাদের সেবা আমরা ব্যবহার করি:
- সার্ভার: হেটজনার অনলাইন জিএমবিএইচ, জার্মানি। আপনার সব হিসাব এই সার্ভারেই থাকে।
- ইমেইল পাঠানোর সেবা: লগইনের কোড আর নোটিফিকেশন ইমেইল পাঠাতে।
- ব্রাউজারের নোটিফিকেশন সেবা (গুগল, অ্যাপল, মোজিলা): শুধু নোটিফিকেশন চালু করলে, আর শুধু নোটিফিকেশনের লেখাটুকু।
আইনের বাধ্যবাধকতা ছাড়া কারও সাথে আপনার তথ্য ভাগ করি না।
কতদিন রাখি
অ্যাকাউন্ট যতদিন আছে, তথ্যও ততদিন থাকে। কোনো ওয়ার্কস্পেস মুছে দিলে তার তথ্য মুছে যায়। পুরো অ্যাকাউন্ট মুছতে চাইলে আমাদের জানান; এক মাসের মধ্যে মুছে দেওয়া হবে। সার্ভারের দৈনিক ব্যাকআপ কপি প্রায় দুই সপ্তাহ থাকে, তারপর নিজে থেকেই মুছে যায়। পেমেন্টের হিসাব আইনে যতদিন রাখতে বলে, ততদিন রাখা হয়।
আপনার অধিকার
- নিজের তথ্য দেখা আর তার কপি পাওয়া: সেটিংস থেকে পুরো ওয়ার্কস্পেসের ব্যাকআপ যেকোনো সময় নামাতে পারেন।
- ভুল তথ্য ঠিক করা, আর তথ্য মুছে ফেলতে বলা।
- কোনো ব্যবহারে আপত্তি জানানো বা সীমিত করতে বলা।
- সম্মতি তুলে নেওয়া (যেমন নোটিফিকেশন বন্ধ করা)।
- অভিযোগ জানানো: সুইডেনের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ Integritetsskyddsmyndigheten (IMY)-এর কাছে, বা আপনি যে দেশে থাকেন সেখানকার কর্তৃপক্ষের কাছে।
এর কোনোটার জন্য আমাদের লিখুন: info@hishabghor.com · WhatsApp +8801947996585। এক মাসের মধ্যে উত্তর দেব।
নিরাপত্তা
সব সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড। পাসওয়ার্ড খোলা অবস্থায় রাখা হয় না। লক করা নোট সার্ভারে এনক্রিপ্ট করে রাখা হয়। প্রতিটি ওয়ার্কস্পেসের তথ্য আলাদা, আর কে কী করতে পারবে তা মালিক ঠিক করেন। তবু কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; পাসওয়ার্ড কাউকে দেবেন না, আর অন্যের ফোনে লগইন করলে কাজ শেষে লগআউট করুন।
কুকি আর ব্রাউজারের স্টোরেজ
অ্যাপ আপনাকে লগইন অবস্থায় রাখতে আর আপনার পছন্দ (ভাষা, থিম) মনে রাখতে ব্রাউজারের স্টোরেজ আর একটি কুকি ব্যবহার করে। এই ওয়েবসাইট কোনো কুকি রাখে না; ভিজিটের সংখ্যা গুনতে আমাদের নিজের সার্ভারে চলা Umami ব্যবহার করে, যা কাউকে আলাদা করে চেনে না।
শিশুরা
হিসাবঘর ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়।
এই নীতি বদলালে
বড় কোনো বদল হলে অ্যাপে বা ইমেইলে আগে জানাব। ওপরে সর্বশেষ হালনাগাদের তারিখ দেওয়া থাকে।
যোগাযোগ
Tizfai Technologies AB, সুইডেন। info@hishabghor.com · WhatsApp +8801947996585